গোপাল সিং, খোয়াই, ১৮ জুন || খোয়াই জেলার পশু চিকিৎসা পরিষেবার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। বুধবার জেলার সিঙ্গিছড়া এলাকায় রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে নির্মিত জেলা পশু হাসপাতালের নতুন পাকা ভবনের শুভ দ্বারোদঘাটন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কল্যাণপুর-প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, খোয়াই মন্ডল বিজেপির সভাপতি অনুকূল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা এবং খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়। এছাড়াও দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও অনুষ্ঠানে যোগ দেন।
উদ্বোধনী ভাষণে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “এই অত্যাধুনিক হাসপাতালটি আগামী দিনে খোয়াই জেলার সমস্ত গৃহপালিত প্রাণীদের জন্য প্রয়োজনীয় যত্ন এবং উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
উল্লেখ্য, এই উদ্বোধনের ঠিক আগের দিন, অর্থাৎ গতকাল, মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে খোয়াই জেলাশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটি পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়।
