চোরের উপদ্রবে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, তদন্তে পুলিশ

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ জুলাই || গন্ডাছড়া মহকুমা সদর বাজারে ফের চুরির ঘটনা ঘটালো চোরের দল। এবার নিশানা হলেন বাজারের পরিচিত ব্যবসায়ী নজরুল হক। মঙ্গলবার গভীর রাতে তার দোকানে চুরি করে চোরেরা নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয়। ঘটনায় আনুমানিক ৯ থেকে ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, গন্ডাছড়ার সবজি বাজার সংলগ্ন এক গলিতে নজরুল হকের দোকানটি অবস্থিত। এর আগেও কয়েক মাস পূর্বে একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার মালামাল চুরি যায়।
মঙ্গলবার রাতেও অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান নজরুলবাবু। পরদিন বুধবার বৃষ্টিপাতের কারণে কিছুটা দেরিতে দোকানে এসে দেখতে পান দোকানের ঝাপের একদিকে থাকা দুটি তালা ও কড়া ভাঙা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে সন্দেহ হলে পাশের দোকানদারদের ডেকে দোকানের ভিতরে প্রবেশ করেন তিনি।
ভেতরে ঢুকে নজরে আসে ছোট-বড় দুটি ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং ভিতরের টাকা উধাও। পাশাপাশি দোকানের কিছু বিড়ি ও সিগারেটও চোরেরা নিয়ে গেছে বলে জানান নজরুল হক।
দুটি চুরির ঘটনায় নজরুল হকের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ থেকে ২৫ হাজার টাকা। ইতিমধ্যে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে গন্ডাছড়া মহকুমা সদর বাজারে একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। চোরের উপদ্রবে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের কাছে বাজার এলাকায় রাত্রীকালীন নজরদারি বাড়ানোর দাবিও তুলেছেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*