আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || সাংবাদিকরা এবার কিছুটা সময়ের জন্য কলম ও ক্যামেরা ছেড়ে নামছেন মাঠে, হাতে নয়—পায়ে ফুটবল। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বর্ষব্যাপী স্পোর্টস ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে APL লিগ—একটি ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা, যেখানে অংশ নেবেন ত্রিপুরার খ্যাতনামা সাংবাদিকরা।
আগামী ১৩ই জুলাই থেকে এই প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াবে। তারই প্রস্তুতি হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত হলো চারটি দলের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। লাইন্স, ওয়ারিয়র্স, ফাইটার্স এবং প্যান্থার্স—এই চারটি দলের প্রতিনিধিত্বে সাংবাদিকরা লড়বেন মাঠে, গতি, কৌশল আর ক্রীড়াসত্তার এক জমজমাট প্রতিযোগিতায়।
জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রামকান্ত দে, যুগ্ম সম্পাদক অভিষেক দে, সহ-সভাপতি চিত্রা রায় এবং বিশিষ্ট সাংবাদিক কমল চৌধুরী সহ আগরতলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। তাঁদের প্রত্যেকেই আগরতলা প্রেস ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এই প্রয়াস শুধুমাত্র শরীরচর্চা বা ক্রীড়াকে কেন্দ্র করেই নয়, বরং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলেই মত প্রকাশ করেছেন আয়োজকরা।
আগরতলা প্রেস ক্লাবের এই অভিনব ও প্রেরণামূলক ক্রীড়া উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য সাংবাদিক মহলে উচ্ছ্বাসের সঞ্চার ঘটেছে। এখন অপেক্ষা মাঠের লড়াই শুরু হওয়ার।
