গোপাল সিং, খোয়াই, ১১ জুলাই || খোয়াইয়ে টেবিল ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রণয় বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় খোয়াই থানার অন্তর্গত দক্ষিণ সিঙ্গিছড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত প্রণয় বিশ্বাসের বাড়ি সিঙ্গিছড়া বেলতলি এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সিঙ্গিছড়া এলাকার এক বাড়িতে একটি টেবিল ফ্যান মেরামতের কাজ করতে গিয়ে তিনি আচমকা বিদ্যুতের সংস্পর্শে আসেন এবং গুরুতরভাবে আহত হন।
ঘটনার পর ওই বাড়ির গৃহকর্ত্রী স্থানীয়দের সহায়তায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গৃহকর্ত্রী জানান, তিনি নিয়মিত প্রণয় বিশ্বাসকে দিয়েই বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম সারানোর কাজ করাতেন। ঘটনার আকস্মিকতায় তিনি মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের অপেক্ষা না করে তাঁর প্রাণ বাঁচানোকেই অগ্রাধিকার দেন। তিনি আরও জানান, প্রণয় বিশ্বাসের পরিবারের কোনো ফোন নম্বর তাঁর কাছে ছিল না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
