কৈলাসহরের ইছবপুরে একমাত্র রাস্তা বেহাল – গ্রামবাসীদের ক্ষোভ চরমে

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১২ আগস্ট || দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত ইছবপুর গ্রাম পঞ্চায়েতের একমাত্র সংযোগ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ উদাসীন থাকায় গ্রামে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
চার, পাঁচ ও ছয় নং ওয়ার্ডের প্রায় পাঁচশো পরিবারের যাতায়াতের জন্য একমাত্র এই রাস্তা চার নং ওয়ার্ডের বাসিন্দা অরবিন্দ দেবের বাড়ির সামনে থেকে শুরু হয়ে ছয় নং ওয়ার্ডের বালিছড়া অব্দি প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মূলত ইট সলিং করা এই রাস্তাটি বছরের পর বছর সংস্কার না করায় এর দু’পাশের পাহাড়ি মাটি ধসে ড্রেন ভেঙে গেছে, ইট ভেঙে নষ্ট হয়ে পড়েছে এবং রাস্তার উপর কাদা ও মাটি জমে চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে পায়ে হাঁটা পর্যন্ত অসম্ভব হয়ে পড়ে।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন প্রদান করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ প্রসঙ্গে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী আনসার আলী সংবাদমাধ্যমকে জানান, “রাস্তা সংস্কারের জন্য বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। ফলে তিনটি ওয়ার্ডের মানুষ আজ চরম দুর্ভোগের শিকার।”
অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*