জন্মাষ্টমী মেলা চলবে প্রতি বছরের মতোই, কিন্তু প্রাশসনের সাথে বৈঠকের পরেও কাটল না জট, ‘আনন্দমেলা’র সময়সীমা নিয়ে প্রশ্নচিহ্ন

গোপাল সিং, খোয়াই, ১৮ আগস্ট || খোয়াই জেলা পুলিশ সুপারের সাথে বৈঠকের পর উদ্যোক্তা যাদব মহাসভা “মেলা আগের মতোই চলবে” বলে ঘোষণা করলেও, কাটল না মূল বিভ্রান্তি। ৬০ বছরের ঐতিহ্যবাহী জন্মাষ্টমী মেলার মূল আকর্ষণ ‘আনন্দমেলা’ (নাগরদোলা ও রাইডস) রাত দশটার পর চলবে কিনা, সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে, যা নিয়ে জনমনে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
রবিবারের তীব্র উত্তেজনার পর, সোমবার যাদব মহাসভার খোয়াই শাখার সদস্যরা জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাসের সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সমীর দাস, অনুকূল দাস সহ অন্যান্যরা। বৈঠকের পর যাদব মহাসভার পক্ষ থেকে জানানো হয়, ‘মেলা আগের মতোই চলবে’ এবং খোয়াইবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কিন্তু এই ঘোষণার পরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। রবিবার মেলা কর্তৃপক্ষ ও যাদব মহাসভা সংবাদমাধ্যমকে জানিয়েছিল, প্রশাসন গোটা মেলার সময়সীমা রাত দশটায় বেঁধে দিয়েছে এবং এর প্রতিবাদে শহর স্তব্ধ করার হুমকিও দিয়েছিল।
এখন সাধারণ মানুষের প্রশ্ন হলো, প্রশাসন তো শুরু থেকেই গোটা মেলার উপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে ‘আনন্দমেলা’ বা নাগরদোলার মতো রাইডসের সময়সীমা রাত দশটা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিল। তাহলে রবিবারে কেন গোটা মেলা বন্ধের প্রচার চালিয়ে শহর স্তব্ধ করার হুমকি দেওয়া হলো? আর আজকের বৈঠকের পর প্রশাসন কি আনন্দমেলার সময়সীমা বাড়ানোর অনুমতি দিয়েছে? এই বিষয়ে যাদব মহাসভা এখনও পর্যন্ত মুখ খোলেনি। ফলে, বৈঠকের পরেও মূল সংঘাতের বিষয়টি আড়ালেই রয়ে গেল, যা নিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মেলাপিপাসু মানুষের মধ্যে বিভ্রান্তি চরমে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*