গোপাল সিং, খোয়াই, ১৮ আগস্ট || খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় এক ঐতিহাসিক সাফল্য অর্জিত হলো। সোমবার, ১৮ই আগস্ট, হাসপাতালের অস্থি শল্যচিকিৎসক (Orthopedic Surgeon) ডাঃ অমন দেববর্মার নেতৃত্বে এক সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রথমবার সম্পূর্ণ নিতম্ব প্রতিস্থাপন (Total Hip Replacement) করা হয়েছে। এই সাফল্য জেলা স্তরের স্বাস্থ্য পরিকাঠামোকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল, যা আগরতলা বা রাজ্যের বাইরের বড় হাসপাতালগুলির সমকক্ষ।
তিন মাস ধরে কার্যত শয্যাশায়ী ছিলেন কাজল দপবনাথ নামে এক রোগী। প্রায় তিন মাস আগে ডান পায়ে গুরুতর চোট পাওয়ার পর থেকে তিনি চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আগরতলা জিবি হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনো সুরাহা না মেলায়, অবশেষে তিনি খোয়াই জেলা হাসপাতালের আউটডোর বিভাগে ডাঃ অমন দেববর্মার শরণাপন্ন হন। এই ঐতিহাসিক সাফল্যের পর ডাঃ অমন দেববর্মা সংবাদমাধ্যমকে জানান, “আমি ত্রিপুরাবাসী সহ সকলকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমরা খোয়াই জেলা হাসপাতালে একটি বড় অস্থি শল্যচিকিৎসা শুরু করেছি। কাজল দেবনাথ নামে এক রোগী আমাদের কাছে এসেছিলেন, যিনি তিন মাস আগে চোট পেয়ে হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আমি তাঁকে বলেছিলাম, আমরা খোয়াই জেলা হাসপাতালেই এই অপারেশনের ব্যবস্থা করছি, দয়া করে কিছুদিন অপেক্ষা করুন।” ডাঃ আমন দেববর্মার আশ্বাস এবং হাসপাতালের প্রস্তুতির উপর ভরসা রেখেই কাজল দেবনাথ অপেক্ষা করেন এবং সোমবার সকালে সেই বহু প্রতীক্ষিত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। এই ধরনের জটিল অস্থি প্রতিস্থাপন এতদিন শুধুমাত্র উন্নত পরিকাঠামোযুক্ত হাসপাতালেই সম্ভব ছিল। খোয়াই জেলা হাসপাতালে এই পরিষেবা শুরু হওয়ায় এখন থেকে জেলার সাধারণ মানুষকে আর হয়রানির শিকার হয়ে বা প্রচুর অর্থ ব্যয় করে আগরতলা বা রাজ্যের বাইরে যেতে হবে না। ডাঃ অমন দেববর্মা এবং তাঁর দলের এই সাফল্য খোয়াইয়ের স্বাস্থ্য পরিকাঠামোর উপর সাধারণ মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য। তিনি জেলা হাসপাতালের এমএস এবং এমএসডিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন এবিষয়ে উনার পাশে থাকার জন্য।
