আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের উদ্যোগে আগরতলায় দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। “ডায়াবেটিস নিয়ে সুস্থ থাকা”— এই বার্তাকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সচেতনতা মূলক প্রোগ্রামে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
সকাল ৯টায় আগরতলার দুর্গা টৌমুহনি এলাকায় বিপনী বিতান প্রাঙ্গণে ডায়াবেটিস সচেতনতা ও রোগ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতি স্নিগ্ধা দাস দেব। শিবিরে ১৫০ জনের বেশি মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
দিনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য ডায়াবেটিস সচেতনতা পদযাত্রা বের হয়। পদযাত্রার শুভসূচনা করেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন ডাঃ সত্যরঞ্জন দেববর্মা, ডায়াবেটিক ফোরামের সভাপতি ডাঃ রজত কান্তি ভট্টাচার্য, কার্যকরী সভাপতি ডাঃ সুশান্ত কুমার সেন, সম্পাদক শ্রী প্রণব বনিকসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রায় ৩০০ জন অংশগ্রহণকারীর পদচারণায় সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
এই পদযাত্রায় আগরতলার বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের সঙ্গে অংশ নিয়েছে লায়ন্স ক্লাব অফ আগরতলা ক্যাপিটাল, লায়ন্স ক্লাব অফ উদয়পুর, রোটারি ক্লাব অফ আগরতলা, অ্যাসোসিয়েশন অফ ডায়েটিশিয়ানসহ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ।
ফোরামের মূল বক্তব্য— সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবস পালনের প্রধান লক্ষ্য। যত বেশি সচেতনতা বাড়বে, ততটাই কমবে এই ‘নীরব ঘাতক’ রোগের জটিলতা।
ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিসের প্রভাব থেকে রক্ষা করার অঙ্গীকারেই ২০২৫ সালের বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করল অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম।
