কল্যানপুর থানা ও টিএসআর ১১ নম্বর ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম: চিকিৎসা শিবির ও সামগ্রী বিতরণে ব্যাপক সাড়া

গোপাল সিং, খোয়াই, ২১ নভেম্বর || আশ্রমটিলা বাজার এলাকায় কল্যানপুর থানার উদ্যোগে এবং টিএসআর ১১ নম্বর ব্যাটালিয়ন আশ্রমটিলা ক্যাম্পের সহযোগিতায় সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যানপুর থানার ওসি আশিস সরকার, ডেপুটি কমান্ড্যান্ট শঙ্কর দাসসহ দুই ইউনিটের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে কল্যানপুর সিএইচসি’র এক বিশেষ মেডিক্যাল টিম স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করে এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। পাশাপাশি এলাকার মানুষের জন্য কম্বল, মশারি, শিক্ষার্থীদের পড়াশোনার উপকরণ এবং স্থানীয় যুবসমাজের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ওসি ও অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেন এবং সামাজিক সুস্থতা ও নিরাপত্তার স্বার্থে মাদকদ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানান।
প্রায় ৫০০ থেকে ৬০০ জন স্থানীয় মানুষের উপস্থিতিতে এই সিভিক অ্যাকশন প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ পুলিশ-জনতার সুসম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*