আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || দেশ ও রাজ্যের সামগ্রিক উন্নয়নে গণসচেতনতার পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়ীদের ব্যক্তিগত শুদ্ধাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ব্যবহৃত যেকোনো পণ্যের সঠিক ওজন ও পরিমাপ তার গুণগত মাননিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। এ কারণে পরিমাপ ব্যবস্থার মান বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধি আজ সময়ের দাবি। আইনি পরিমাপবিদ্যা (লিগ্যাল মেট্রোলজি) বাণিজ্যিক লেনদেনে ব্যবহৃত সকল পরিমাপ যন্ত্র প্রমিত মান মেনে চলছে কিনা তা নিশ্চিত করে গ্রাহক সুরক্ষা প্রদান করে।
এই প্রেক্ষাপটে শুক্রবার আগরতলার এক বেসরকারি হোটেলে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ দপ্তরের অধীন লিগ্যাল মেট্রোলজি শাখার উদ্যোগে “আইনি পরিমাপ বিদ্যার আইন” শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধূরী। তিনি সঠিক পরিমাপের গুরুত্ব তুলে ধরে গ্রাহক সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন, কেন্দ্রীয় সরকারের ভোক্তা ও আইনি পরিমাপবিদ্যা দপ্তরের অধিকর্তা আশুতোষ আগরওয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল মেট্রোলজির অধিকর্তা ডঃ রাজেশ্বর কুমার, বিভিন্ন মহকুমার মহকুমা শাসক, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (টিএনজিসিএল)-এর আধিকারিক, ন্যায্যমূল্যের দোকান সমিতি, হোটেল ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও লিগ্যাল মেট্রোলজি শাখার কর্মীরা।
গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন দপ্তরের অধিকর্তা সুমিত লোধ।
