আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মাকে ঘিরে ফের চাঞ্চল্য। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ার অভিযোগে তাঁকে এবং তাঁর ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে আগরতলার হোটেল পোলো টাওয়ার চত্বরে।
রবিবার হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত প্রবাসী ত্রিপুরাবাসী সামিটে অংশ নেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠান শেষে তিনি হোটেলের সামনে নিজের সরকারি গাড়ি আনতে নির্দেশ দেন। সেই সময় হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে ছিল টিপিএসসি চেয়ারম্যান কর্নেল কুশ কুমার শর্মার ব্যক্তিগত গাড়ি।
সূত্রের খবর, মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা শৃঙ্খলা বজায় রাখতে চেয়ারম্যানের গাড়িটি সরানোর অনুরোধ করেন। কিন্তু অভিযোগ, গাড়ি সরানোর বদলে উল্টো নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন টিপিএসসি চেয়ারম্যান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি এক জওয়ানের কলার ধরে টানেন এবং ধাক্কা দেওয়ারও চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় টিপিএসসি চেয়ারম্যান স্বাভাবিক অবস্থায় ছিলেন না। বিষয়টি আরও গুরুতর রূপ নিলে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কর্নেল কুশ কুমার শর্মা ও তাঁর ছেলেকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায়।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও টিপিএসসি চেয়ারম্যানকে ঘিরে বিভিন্ন মহলে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছিল। এবার একজন রাজ্য মন্ত্রীর নিরাপত্তার সঙ্গে প্রকাশ্যে সংঘর্ষে জড়ানোর অভিযোগ প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
