অরুণাচল প্রদেশ থেকে নিরাপদে ফিরলেন ৪৫ জন ত্রিপুরার যুবক, স্বস্তির নিশ্বাস পরিবারগুলোর

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ২৯ ডিসেম্বর || কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে গিয়ে নিখোঁজ হওয়া ত্রিপুরার ৪৫ জন যুবককে অবশেষে নিরাপদে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার রাংরুং ও কালিশাসন চা-বাগান এলাকার ২৪ জন যুবক রয়েছেন। এছাড়াও কৈলাসহর এলাকার আরও ১০ জন এবং উত্তর জেলার ১১ জন যুবক এই দলে অন্তর্ভুক্ত।
জানা গেছে, কয়েকদিন আগে কাজের সন্ধানে অরুণাচল প্রদেশে যাওয়ার পর দীর্ঘ সময় তাঁদের কোনো খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় ২৪ জন যুবকের নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের করা হয়। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পুলিশ প্রশাসন ও শ্রম দপ্তর যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা যায়, ওই যুবকরা অরুণাচল প্রদেশে গিয়ে উপযুক্ত মজুরি না পাওয়া, কাজের অনিশ্চয়তা ও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আটকে পড়েছিলেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তাঁরা কার্যত অসহায় অবস্থায় দিন কাটাতে বাধ্য হন।
সোমবার এ বিষয়ে রাজ্যের মন্ত্রী টিংকু রায় জানান, বিষয়টি তাঁর নজরে আসামাত্রই তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেন। তিনি ব্যক্তিগতভাবে অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী ও লেবার কমিশনারের কাছে লিখিত আবেদন জানানোর পাশাপাশি ফোনযোগে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারই ফলস্বরূপ, ঊনকোটি জেলা শ্রম দপ্তরের আধিকারিক, কৈলাসহর পুলিশ প্রশাসনের সক্রিয় তৎপরতা এবং অরুণাচল প্রদেশের শ্রম দপ্তরের সহযোগিতায় সকল যুবককে নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়।
আজ তাঁদের নিজ নিজ পরিবারের হাতে সসম্মানে তুলে দেওয়া হলে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটায় প্রশাসনের এই মানবিক উদ্যোগ।
এই সমন্বিত মানবিক প্রচেষ্টার জন্য অরুণাচল প্রদেশের শ্রমমন্ত্রী ও লেবার কমিশনার, কৈলাসহর পুলিশ প্রশাসন এবং জেলা শ্রম দপ্তরের সকল আধিকারিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*