বিনা পারমিটে অটো বিক্রির অভিযোগে বাজাজ কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ, প্যারাডাইস চৌমুহনীতে অটো চালকদের গণধর্না

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || বিনা পারমিটে অটো রিক্সা বিক্রির অভিযোগে বাজাজ কোম্পানির বিরুদ্ধে সরব হল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ। সোমবার রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে সংগঠনের পক্ষ থেকে এক গণধর্না কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদকারীদের অভিযোগ, রাজ্যের পরিবহণ আইন ও নিয়মনীতি উপেক্ষা করে বাজাজ কোম্পানি অবৈধভাবে পাঁচ শতাধিক অটো রিক্সা বিক্রি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই গত ২৪শে ডিসেম্বর পূর্ব আগরতলা থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন অটো মালিক ও চালকরা।
অটো চালকদের দাবি, আগরতলা শহরে যানজট বর্তমানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিনা পারমিটে বিপুল সংখ্যক অটো বিক্রি কীভাবে সম্ভব হলো, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এই অবৈধ বিক্রির ফলে বৈধ পারমিটধারী অটো চালকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলেও অভিযোগ তোলা হয়।
গণধর্না থেকে সংগঠনের নেতারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে বিক্রি হওয়া অটোগুলির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*