আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || দৈনিক সংবাদ-এর সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর নৃশংস হামলার ঘটনায় তৎপরতা দেখাল এডি নগর থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে মিলনচক্র এলাকায় পৌঁছলে একটি যানবাহন বিকল হয়ে পড়ে। ওই সময় সেখানে একটি ডাস্টবিনে আগুন জ্বলছিল এবং পরিস্থিতি সামাল দিতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। ঘটনাস্থলের ছবি তুলতে মোবাইল ফোন বের করতেই মদমত্ত অবস্থায় থাকা কয়েকজন দুষ্কৃতিকারী আচমকা সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর চড়াও হয়। তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করা হয় এবং মারধরের ফলে তাঁর মুখ ফেটে যায় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে রাতেই এডি নগর থানার সঙ্গে যোগাযোগ করে আগরতলা প্রেস ক্লাব কর্তৃপক্ষ। পুলিশের তৎপরতায় দ্রুত তদন্ত শুরু হয় এবং অভিযুক্ত তিন দুষ্কৃতিকে গ্রেফতার করা সম্ভব হয়।
বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, দৈনিক সংবাদ-এর সিনিয়র সাংবাদিক দীপন্ত মজুমদার সহ অন্যান্য সাংবাদিকরা। তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল। তাঁদের দাবি, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা নিতে হবে।
