গোপাল সিং, খোয়াই, ০৫ ফেব্রুয়ারি || খোয়াই শহরের বহুপ্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীশ্রী চৌদ্দ মাদল মহাসংকীর্তন মহোৎসবের সূচনা হলো এ বছরও যথারীতি রীতিনীতি মেনে। খোয়াই মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজার এলাকায় শুরু হয়েছে চারদিনব্যাপী এই ঐতিহ্যবাহী উৎসব, যা এবার ৫৯তম বর্ষে পদার্পণ করল।
স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণায় উঠে আসে, আজ থেকে প্রায় ৫৮ বছর আগে বর্তমান ভারত কল্যাণ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় ধান কাটা শেষে ধানি জমিতে এই উৎসবের সূচনা হয়েছিল। পরে বর্তমান পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এবং ক্রমে মহারাজগঞ্জ বাজারকে কেন্দ্র করে এই উৎসবের স্থায়ী রূপ নেয়। সে সময় গ্রামীণ সমাজজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এই মহোৎসব—ফসল নিয়ে আসা, মহাপ্রসাদের দিন নারী-পুরুষ নির্বিশেষে হাতে হাত মিলিয়ে কাজ করা ছিল উৎসবের অন্যতম বৈশিষ্ট্য।
কালের প্রবাহে সেই গ্রামবাংলার সম্মিলিত জৌলুস আজ অনেকটাই ইতিহাস হয়ে গেছে। তবে উৎসবের আধ্যাত্মিকতা ও ভক্তির ধারা এখনও অটুট রয়েছে বলে মনে করছেন স্থানীয় ভক্ত ও আয়োজকরা।
উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করাই এই মহোৎসবের মূল উদ্দেশ্য। শ্রীমদ্ভাগবত পাঠ, ৩২ প্রহর ব্যাপী শ্রীনাম সংকীর্তন, চৌষট্টি মোহন্ত ভোগ, মহাপ্রসাদ বিতরণ ও নগর পরিক্রমাসহ একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে এবছরের উৎসব।
এদিকে, প্রবীণদের আক্ষেপ—যে সামাজিক ঐক্য, গ্রামীণ অংশগ্রহণ ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত মিলন একসময় এই উৎসবকে ঘিরে দেখা যেত, তা আজ অনেকটাই ম্লান। তবুও, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন খোয়াইয়ের ব্যবসায়ী সমাজ ও ভক্তবৃন্দ।
