বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ ফেব্রুয়ারী || শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও শিক্ষা ক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলেন সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রণব দাস। তাঁর ব্যক্তিগত উদ্যোগে সাব্রুম সাব-ডিভিশনের অন্তর্গত শ্যামসিং দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের জনজাতি ছাত্রী হোস্টেলে ১০০ জন ছাত্রীদের হাতে ১০০টি নোটবুক তুলে দেওয়া হয়।
এই নোটবুক বিতরণ কর্মসূচির মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন শিক্ষক প্রণব দাস। তিনি বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার মাধ্যমে ছাত্রীদের মধ্যে মূল্যবোধ ও চরিত্র গঠনের দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবক বিভূ রঞ্জন দে, চিকিৎসক সৌমিক হাজরা, চিকিৎসক শুভ্র মজুমদার এবং ছাত্রী হোস্টেলের ওয়ার্ডেন অনিতা ত্রিপুরা। উপস্থিত সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সমাজমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
