সাগর দেব, তেলিয়ামুড়া, ০৭ ফেব্রুয়ারী || তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর উদ্যোগে শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচির ফলে হাসপাতাল চত্বরে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা। এ ধরনের সহানুভূতিশীল কর্মসূচি রোগীদের মনোবল বাড়াতে বিশেষভাবে সহায়ক।
এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা, সোসাইটির ম্যানেজার সমীর ভট্টাচার্য, কাউন্সিলার অচিন্ত্য ভট্টাচার্য, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ সোসাইটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সোসাইটির চেয়ারম্যান নীতিন কুমার সাহা জানান, ভবিষ্যতেও সমাজসেবামূলক নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার রয়েছে তাঁদের। অনুষ্ঠানের শেষে হাসপাতাল কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের জন্য তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই উদ্যোগে রোগী ও তাঁদের পরিবারবর্গ সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহানুভূতিশীল কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।
