বলরাম দেবনাথ, সাব্রুম, ০৭ ফেব্রুয়ারী || রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগী সংগঠন সেবা ভারতীর উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলার রুপাইছড়ি খণ্ডের অন্তর্গত পূর্বলুধুয়া এ.ডি.সি. ভিলেজের লুধুয়া চা বাগানে শনিবার অনুষ্ঠিত হল “ধরন্তরী সেবা (স্বাস্থ্য শিবির)” কার্যক্রম। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলার R.S.S-এর ধর্ম জাগরণ প্রমুখ প্রণব দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার সেবা প্রমুখ গণেশ নাহা, সাব্রুম নগর ব্যবস্থা প্রমুখ টিঙ্কু মজুমদার, ভোলা রায় সহ একাধিক সংগঠনের প্রতিনিধি ও সমাজসেবীরা। শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন চিকিৎসক দেবজ্যোতি দেব, সন্দীপ দাস, সূর্য পাল, রাহুল দাস, প্রসেনজিৎ দাস সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মোট ৭১ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। স্থানীয় চা বাগানের শ্রমিক ও গ্রামবাসীদের মধ্যে এই উদ্যোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার R.S.S-এর ধর্ম জাগরণ প্রমুখ প্রণব দাস বলেন, “বিশ্বের সর্ববৃহৎ এই সংগঠনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সেবা পৌঁছে দেওয়া যায়।”
সেবা, সহযোগিতা ও মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই স্বাস্থ্য শিবির স্থানীয় মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
