পুলিশের মদ বিরোধী অভিযানে ৩২ লিটার দেশী মদ সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী || গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই জেলা পুলিশ সুপারের ‘স্পেশাল সিভিল টিম’ এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে এক যৌথ অভিযানে দু’জন পৃথক মাদক কারবারী থেকে মোট ৩২ লিটার অবৈধ দেশী মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই মাদক কারবারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বাইজালবাড়ী থেকে পহরমুড়া এলাকায় অবৈধ দেশী মদ বিক্রির উদ্দেশ্যে এক মাদক কারবারী আসছে—এমন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতা জারি করে পুলিশ। সেই অনুযায়ী নির্দিষ্ট এলাকায় উৎপেতে বসে থাকে পুলিশ দল। কিছু সময়ের মধ্যেই অভিযানের লক্ষ্য ব্যক্তি এলাকায় পৌঁছালে তাকে আটক করা হয়।
ধৃত ব্যক্তির নাম লোসন দেববর্মা (৩২), পিতা চিত্তরঞ্জন দেববর্মা, বাড়ি পাইজাবাড়ি, থানা বাইজালবাড়ী। তল্লাশিতে তার কাছ থেকে ১৬ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক অবৈধ মদ বিক্রেতার সন্ধান পায় পুলিশ।
পরে সূত্র ধরে খোয়াই থানাধীন চা বাগান এলাকায় অভিযান চালিয়ে শুকলাল কুর্মি (৪৫), পিতা প্রয়াত গোবর্ধন কুর্মিকে আটক করা হয়। তার কাছ থেকেও ১৬ লিটার দেশী মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, লোসন দেববর্মা তার কাছে এই মদ বিক্রি করেছিল।
পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনের বিরুদ্ধেই অবৈধ দেশী মদ কেনাবেচার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*