সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ ফেব্রুয়ারী || অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখার উদ্যোগে সোমবার গন্ডাছড়া লক্ষ্মীপুর বোধিচারিয়া স্কুলে অংক বিষয়ক একটি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
মোট ৫০ নম্বরের এই পরীক্ষাটি ২০ মিনিট সময়সীমার মধ্যে নেওয়া হয়। সকাল সাড়ে দশটা নাগাদ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রিন্সিপাল থেকে শুরু করে সকল শিক্ষক-শিক্ষিকা আন্তরিক সহযোগিতা প্রদান করেন।
বিদ্যালয়ের প্রিন্সিপাল জয়মনি চাকমা অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের পরীক্ষা ছাত্রছাত্রীদের অংকে দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।
অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখার প্রশিক্ষক ইমন সাহা জানান, অ্যাবাকাস জ্ঞানের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের অংক বিষয়ে আরও বিকশিত করা এবং তাদের মানসিক গণনাশক্তি বৃদ্ধি করা। তিনি আরও জানান, পরীক্ষায় উত্তীর্ণ প্রথম পাঁচজন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে মহকুমার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে এই ধরনের পরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হবে।
এদিন অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখার পক্ষ থেকে বিদ্যালয়ের প্রিন্সিপালকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
