রাইমাভ্যালীতে কংগ্রেসের শক্তি প্রদর্শন, দুই প্রার্থীর মনোনয়ন জমা—তিপ্রা মথা ও বিজেপিকে তীব্র আক্রমণ

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালী এলাকায় শক্তি প্রদর্শন করল কংগ্রেস। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে গন্ডাছড়া মহকুমা শাসক দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দলের দুই মনোনীত প্রার্থী।
৮ নম্বর গঙ্গানগর-গন্ডাছড়া আসনে কংগ্রেস প্রার্থী দিনা রাম রিয়াং এবং ২৪ নম্বর রাইমাভ্যালী আসনে প্রার্থী সুরেশ ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, দলীয় নেতা গৌরাঙ্গ দাস-সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব তিপ্রা মথা ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, এডিসিতে ক্ষমতায় থাকা তিপ্রা মথা গত পাঁচ বছরে এলাকার মানুষের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করতে পারেনি, বরং দুর্নীতিতেই জড়িয়ে পড়েছে।
একইসঙ্গে বিজেপিকে নিশানা করে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, বিজেপি ও তিপ্রা মথা আসলে “একই মুদ্রার দুই পিঠ”। তাঁদের কথায়, জনসাধারণকে বিভ্রান্ত করতেই দুই দল আলাদা প্রার্থী দিয়েছে, কিন্তু বাস্তবে তাদের স্বার্থ অভিন্ন।
তবে কংগ্রেস নেতৃত্ব আশাবাদী, এবারের নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইবে এবং সাধারণ মানুষ কংগ্রেসের পক্ষেই রায় দেবেন। তাঁদের মতে, দুই আসনেই কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন।
উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে গন্ডাছড়া মহকুমায় রাজনৈতিক তৎপরতা দিনদিন বাড়ছে। কংগ্রেসের এই মনোনয়ন জমা ও শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার স্পষ্ট চিত্র লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*