গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধূরীর পর্যালোচনা সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || খাদ্য, বেসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্য স্তরের ভোক্তা সচেতনতা সেমিনার। একইসঙ্গে রাজ্যের গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি নিয়ে রেশন শপ ডিলার ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভারও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সুমিত লোধ সহ অন্যান্য আধিকারিকরা।
“নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা” শীর্ষক সেমিনারে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি, রেশন ডিলার এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেমিনারে ভোক্তা স্বার্থ রক্ষা, নিরাপদ পণ্যের গুরুত্ব এবং গণবণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের সকল অংশের মানুষের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর নিরলসভাবে কাজ করে চলেছে। তিনি জানান, গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে সরকার বদ্ধপরিকর।
পর্যালোচনা সভায় ন্যায্য মূল্যের দোকানের ডিলার ও বিভিন্ন বণিক সমিতির প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং রাজ্যের সাধারণ মানুষ যাতে গণবণ্টন ব্যবস্থায় কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হন, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও মজবুত ও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*