আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রত্যাশী বেকার যুবকরা। শুক্রবার রাজধানী আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। আন্দোলনকারীদের দাবি, বহু বছর ধরে নিয়োগের আশ্বাস মিললেও বাস্তবে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে হাজারো যুবক-যুবতীর।
ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীরা জানান, ফায়ার সার্ভিস বিভাগে দীর্ঘদিন ধরে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু কিংবা সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনের গাফিলতি স্পষ্ট। দ্রুত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করে যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভকারীদের একাংশের বক্তব্য, বারবার বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান এবং আন্দোলন করেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা আরও বলেন, চাকরির অভাবে অনেকের পরিবার চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যেও তারা সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
