আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগরবাসী। বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ রাজনগর থানার পাশেই ঘটে যায় এক মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষের ঘটনা। অভিযোগ, একটি টমটমের অতিরিক্ত দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুখোমুখি সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনায় অন্তত ছয়জন গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ ও পুলিশ। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণহীনভাবে টমটম চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা।
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ।
