আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মে || দেশজুড়ে জ্বালানি সাশ্রয় এবং সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ত্রিপুরা সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের সাধারণ প্রশাসন দপ্তরের জারি করা এক স্মারকে জানানো হয়েছে, আপাতত সরকারি দপ্তরগুলিতে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ শ্রেণির ৫০ শতাংশ কর্মী অফিসে উপস্থিত থাকবেন এবং বাকি ৫০ শতাংশ কর্মী ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
বুধবার জারি হওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী দেশের নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানকে জ্বালানি সংরক্ষণ এবং যেখানে সম্ভব সেখানেই বাড়ি থেকে কাজ করার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিটি দপ্তরের প্রধান বা HoD-দের সাপ্তাহিক রোস্টার তৈরি করতে বলা হয়েছে। সেই রোস্টার অনুযায়ী কর্মীদের বিকল্প সপ্তাহে অফিসে উপস্থিত থাকতে হবে। প্রথম পর্যায়ে অফিসের কাছাকাছি বসবাসকারী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এছাড়াও বাড়ি থেকে কাজ করা কর্মীদের সবসময় টেলিফোন ও ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগযোগ্য থাকতে হবে এবং জরুরি প্রয়োজনে অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, একই ধরনের নির্দেশিকা PSU, স্থানীয় স্বশাসিত সংস্থা ও অন্যান্য অধীনস্থ সরকারি অফিসগুলিতেও কার্যকর করা যেতে পারে। তবে জরুরি ও অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তর ও কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না।
সরকারি স্মারকে স্পষ্ট করা হয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
