আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন || স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে অবিলম্বে এসসি ও এসটি সংরক্ষিত শূন্যপদ পূরণ এবং ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করে তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।
বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে টিএসএফের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য স্লোগান দেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসএফের সহ-সভাপতি জন দেববর্মা জানান, দীর্ঘদিন ধরে এসসি ও এসটি সংরক্ষিত বহু পদ শূন্য পড়ে রয়েছে। বিশেষ নিয়োগ অভিযানের মাধ্যমে দ্রুত সেই পদগুলি পূরণের পাশাপাশি ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিও সংগঠনের অন্যতম প্রধান দাবি।
তিনি আরও জানান, বিক্ষোভ কর্মসূচি শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জনজাতি কল্যাণ দপ্তরের নিকট সংগঠনের দাবিসনদ তুলে দেওয়া হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন তিনি।
টিএসএফের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। আন্দোলন ঘিরে ছাত্র-যুব মহলে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
