বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুন || কৃষিজমির উর্বরতা রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দক্ষিণ জেলা কৃষি দপ্তরের উদ্যোগে বুধবার শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জেলা-স্তরের ‘ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষ’ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনা চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমোদ রিয়াং, দীপক দত্ত, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবী দীপায়ন চৌধুরী, দেবাশীষ ভৌমিক, প্রদীপ বরণ রায় এবং দক্ষিণ জেলা কৃষি দপ্তরের আধিকারিক সুমিত কুমার সাহা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে অধিক ফলনের আশায় কৃষকরা ব্যাপক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছেন। এতে উৎপাদন বাড়লেও দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং মানবস্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে জৈব ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদকে উৎসাহিত করতে রাজ্য সরকার ‘ক্ষেত বাঁচাও’ প্রকল্প গ্রহণ করেছে।
মন্ত্রী শান্তনা চাকমা তাঁর বক্তব্যে বলেন, কৃষকদের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক কৃষি-সহায়ক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষের মাধ্যমে একদিকে যেমন মাটির স্বাস্থ্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনও নিশ্চিত হবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রীসহ অন্যান্য অতিথিরা কৃষি দপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ জেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
