আপডেট প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুন || যাত্রী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে নিয়ম মেনে হর্ন বাজানোই কাল হয়ে দাঁড়াল এক বাসচালকের জন্য। হর্ন দেওয়াকে কেন্দ্র করে উদয়পুর–সোনামুড়া চৌমুহনী এলাকায় এক বাসচালককে নির্মম মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন উদয়পুর–সোনামুড়া রুটের মোটর শ্রমিক ও চালকরা।
অভিযোগ, ঘটনাটি ঘটে মঙ্গলবার উদয়পুর–সোনামুড়া চৌমুহনী এলাকায়। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের দাবি, রাস্তার মাঝখানে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসচালক নিয়ম অনুযায়ী হর্ন বাজান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন একটি মোটরবাইকের চালক এবং তার সঙ্গে থাকা এক যুবতী। শুরু হয় বাগ্বিতণ্ডা।
এরপর বাসটি চৌমুহনীর একটি মাংসের দোকানের সামনে পৌঁছালে ওই যুবতীকে নামিয়ে দিয়ে বাইক আরোহী বাসের সামনে এসে গাড়ির গতি রোধ করে। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বাসচালকের কলার ধরে তাকে টেনে-হিঁচড়ে বাস থেকে নামিয়ে আনা হয়।
অভিযোগ আরও, কিছুক্ষণের মধ্যেই প্রায় ৩০ জন যুবক সেখানে জড়ো হয়ে দলবদ্ধভাবে বাসচালকের ওপর হামলা চালায়। লাথি, কিল-ঘুষিতে তাকে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা চালকের মোবাইল ফোন ভেঙে ফেলার পাশাপাশি তার মানিব্যাগ থেকে নগদ অর্থ লুট করে নেয় বলেও অভিযোগ। যাওয়ার সময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
এই ঘটনার পর উদয়পুর–সোনামুড়া রুটের মোটর শ্রমিক ও চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি ভবিষ্যতে গণপরিবহনের চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
