বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শান্তিরবাজার পৌর পরিষদের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ ও জননেতা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, পৌর পরিষদের ডেপুটি সিইও পবিত্র দাস, কাউন্সিলর শ্যামলাল দেবনাথ, রাজীব চক্রবর্তী, ছায়া দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মময় জীবন, শিক্ষা, সমাজচিন্তা এবং দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বানও জানান বক্তারা।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত দর্শক ও অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
