আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জুলাই || ডুকলি আর.ডি. ব্লকের অন্তর্গত বাগমারা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত গ্রাম সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) বা PMAY-G প্রকল্পের আওতায় ৩৪৯টি আবাসন বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন নির্ধারিত যোগ্য সুবিধাভোগীদের মধ্যে ঘর বরাদ্দ সংক্রান্ত প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বাগমারা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও আর্থিকভাবে দুর্বল পরিবারের পাকা বাড়ির স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। তিনি সুবিধাভোগীদের নির্ধারিত সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দিতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন।
গ্রাম সভায় ৩৪৯টি আবাসন বরাদ্দের ঘোষণার পর সুবিধাভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত বাসিন্দারা সরকারের এই জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান। এই আবাসন বরাদ্দের মাধ্যমে এলাকার বহু গৃহহীন ও অসচ্ছল পরিবারের স্থায়ী বাসস্থানের স্বপ্ন পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
