বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ভারতকেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সোমবার সাব্রুম শহরের অটো স্ট্যান্ড প্রাঙ্গণে সাব্রুম নগর পঞ্চায়েত এবং তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের (আইসিটি) যৌথ উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।
স্থানীয় বিধায়ক মাইলাফ্রু মগ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে, মহকুমা শাসক সুমন রক্ষিত, ভাইস চেয়ারম্যান দীপক দাস, সমাজসেবক শান্তিপ্রিয় ভৌমিক এবং গৌতম ত্রিপুরাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সাংস্কৃতিক দলের পরিবেশনায় সমবেত কণ্ঠে রাষ্ট্রগীত পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে।
এদিন জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে সাব্রুম শহরের হাসপাতাল চৌমুহনী থেকে রামকৃষ্ণ মিশন পর্যন্ত রাস্তাটির আনুষ্ঠানিক নামকরণ করা হয় ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লেন’। নবনির্মিত নামফলক উন্মোচন করেন বিধায়ক মাইলাফ্রু মগ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আইসিটি অফিসার অমৃত লাল দাস। পরে দক্ষিণ জেলা সাংস্কৃতিক কমিটির সদস্য রতন চক্রবর্তী, টিএসসি সদস্য দীপায়ন চৌধুরী এবং বিধায়ক মাইলাফ্রু মগ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রমা পোদ্দার দে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে স্মরণ করে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
