আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিম থানার পুলিশ। পশ্চিম থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোট ৩০টি স্মার্টফোন উদ্ধার করে রবিবার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে পশ্চিম থানায় আয়োজিত এক অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলির অবস্থান শনাক্ত করে সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয়।
ওসি রানা চ্যাটার্জি আরও বলেন, সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে এবং হারিয়ে যাওয়া সামগ্রী উদ্ধারে পশ্চিম থানার পুলিশ ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবে। নাগরিকদেরও মোবাইল হারিয়ে গেলে দ্রুত থানায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন পর নিজেদের হারিয়ে যাওয়া স্মার্টফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপভোক্তারা। তারা পশ্চিম থানার পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দ্রুত পদক্ষেপ নিয়ে মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।
