মাদকের বিরুদ্ধে এক এসপিও-র ‘হল্লাবোল’, একাই ধাওয়া করে ৩০ লিটার দেশী মদ সহ বাইক উদ্ধার করলেন এসপিও সুকান্ত

গোপল সিং, খোয়াই, ১২ জুলাই || খোয়াই জেলায় নেশা ও অবৈধ মাদকের বিরুদ্ধে এক নজিরবিহীন সাহসিকতার নজির গড়লেন এক এসপিও জওয়ান। কর্তব্যপরায়ণতা ও অদম্য সাহসের পরিচয় দিয়ে একাই ধাওয়া করে ১৫ বোতলে ৩০ লিটারেরও বেশী অবৈধ দেশী মদ ও একটি চোরাই কারবারে ব্যবহৃত বাইক উদ্ধার করলেন এসপিও সুকান্ত বিশ্বাস। জওয়ানের এই একক ও সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা চলছে এখন গোটা খোয়াইজুড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ নিজের ডিউটি পালন করতে খোয়াই থানায় আসছিলেন এসপিও সুকান্ত বিশ্বাস। পথে বারবিল এলাকায় আসতেই তাঁর তীক্ষ্ণ নজর পড়ে দেশী মদ সহ এক সন্দেহভাজন কারবারীর দিকে। পুলিশের উপস্থিতি টের পেয়েই নিজের মোটরবাইক নিয়ে তীব্র গতিতে চম্পট দেওয়ার চেষ্টা করে সেই মদ কারবারী। কিন্তু দমে যাননি এসপিও সুকান্ত। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের গাড়ি নিয়ে ওই কারবারীর পিছু ধাওয়া করেন। ফিল্মি কায়দায় দীর্ঘ পথ ধাওয়া করতে করতে শেষ পর্যন্ত খোয়াই থানাধীন মহারাজগঞ্জ বাজারে এসে কারবারীকে প্রায় পাকড়াও করে ফেলেন তিনি। তবে ঠিক সেই মুহূর্তে তীব্র উত্তেজনার সুযোগ নিয়ে, নিজের বাইক এবং মদের জারিকেন মাঝরাস্তায় ফেলে রেখে ভিড়ের মধ্যে গা ঢাকা দেয় ওই মূল কারবারী। উদ্ধার হয়েছে TR06F4679 নম্বরের বাইকটি।
ঘটনাস্থল থেকে পলাতক কারবারীর ফেলে যাওয়া মোটরবাইকটি এবং ৩০ লিটারেরও বেশি অবৈধ দেশী মদ উদ্ধার করা হয়েছে। খোয়াই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হচ্ছে এবং পলাতক মদ কারবারীর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
এসপিও জওয়ানের এই সাহসী ভূমিকাকে সাধারণ মানুষ সাধুবাদ জানালেও, খোয়াই শহরের নিরাপত্তা ও আবগারি ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনগণের সুনির্দিষ্ট অভিযোগ, খোয়াই সুভাষপার্ক সহ শহরতলীর বিভিন্ন অলিতে-গলিতে ও জনবসতিপূর্ণ স্থানে অবৈধ মদের কারবার পুনরায় মারাত্মকভাবে জাঁকিয়ে বসেছে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে বা একশ্রেণীর উদাসীনতার সুযোগ নিয়ে এই রমরমা ব্যবসা চলায় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। তাই সুভাষপার্ক সহ সমগ্র খোয়াই শহরকে সম্পূর্ণ নেশামুক্ত করতে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি জানিয়েছেন খোয়াইবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*