বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ জুলাই || দক্ষিণ ত্রিপুরার ৩৭ ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ সোনাইছড়ি শক্তিকেন্দ্রের উদ্যোগে রবিবার সোনাইছড়ি কৈশব বৈদ্য স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত যোগদান সভায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙনের চিত্র দেখা গেল। সিপিআই(এম), কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ২৭টি পরিবারের মোট ৭৬ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদান করেন।
দলত্যাগীদের দাবি, বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক উদ্যোগে অনুপ্রাণিত হয়েই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিজেপির মণ্ডল সভাপতি দীপায়ন চৌধুরী, নকুল পাল, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, জেলা কমিটির সদস্য অশেষ বৈদ্য, সুশংকর ভৌমিক-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
এছাড়াও সভায় স্থানীয় বিজেপির একাধিক বিশিষ্ট নেতা, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই যোগদান কর্মসূচি ঋষ্যমুখ বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।
