স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন: বাল্যবিবাহ ও নেশামুক্ত সমাজ গড়ার ডাক

বলরাম দেবনাথ, সাব্রুম, ১১ আগস্ট || ভারতের স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচি। গত ৯ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এবারের উদযাপনের মূল ভাবনা— “স্বাধীনতাকে সম্মান, ভবিষ্যতের প্রেরণা”। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি জেলাজুড়ে চলছে “হর ঘর তিরঙ্গা” এবং “নেশা মুক্ত দক্ষিণ ত্রিপুরা” অভিযান।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ, ১১ আগস্ট, জেলাজুড়ে পালিত হয় “নেশা মুক্ত দক্ষিণ ত্রিপুরা—আমাদের সম্মিলিত অঙ্গীকার” কর্মসূচি। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বাল্যবিবাহ বিরোধী প্রস্তাব গ্রহণ এবং নেশাবিরোধী শপথ গ্রহণের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিতে এক লক্ষেরও বেশি মানুষের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে পোয়াংবাড়ি আরডি ব্লকের উদ্যোগে এবং রাজনগর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্থানীয় কমিউনিটি হলে বাল্যবিবাহ বিরোধী এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিবালা বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন পোয়াংবাড়ি ব্লকের বিডিও দীপক দাস, শ্রীনগর আউটপোস্টের ওসি রূপক বৈদ্যসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও নেশা শুধু একটি পরিবারের সমস্যা নয়, এগুলি গোটা সমাজের অগ্রগতির পথে বড় বাধা। এই সামাজিক ব্যাধি দূর করতে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হলে সমাজকে বাল্যবিবাহ এবং নেশার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনকে সামনে রেখে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা বহন করছে।
জেলাজুড়ে এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেন পোয়াংবাড়ি ব্লকের বিডিও দীপক দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*