গোপাল সিং, খোয়াই, ১১ আগস্ট || ত্রিপুরা রাজ্যজুড়ে বিদ্যুৎ গ্রাহকদের ওপর চাপানো অতিরিক্ত ও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তিপ্রা মথা সংখ্যালঘু সেল (Tipra Motha Minority Cell)। মঙ্গলবার রাজধানীর বনমালিপুরস্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর সদর দপ্তরে গিয়ে সংগঠনের নেতৃত্ববৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন এবং ম্যানেজিং ডাইরেক্টর (MD)-এর কাছে স্মারকপত্র প্রদান করেন।
সংগঠনের অভিযোগ, রাজ্যের বহু সাধারণ বিদ্যুৎ গ্রাহক বর্তমানে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল পাওয়ায় চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক ক্ষেত্রে পূর্বের তুলনায় হঠাৎ করে বিলের পরিমাণ বেড়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর এই অতিরিক্ত বিলের বোঝা আর্থিক চাপ সৃষ্টি করছে বলে দাবি সংগঠনের।
এদিন তিপ্রা মথা সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীরা TSECL-এর সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে প্রতিনিধিদল TSECL-এর এমডির কাছে স্মারকপত্র তুলে দিয়ে বিষয়টি দ্রুত পর্যালোচনা এবং গ্রাহকদের সমস্যার সমাধানের দাবি জানায়।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বিদ্যুৎ বিল তৈরির প্রক্রিয়ায় যদি কোনও ধরনের ভুল, মিটার রিডিংয়ের সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটি থেকে থাকে, তাহলে তা দ্রুত খতিয়ে দেখে সংশোধন করতে হবে। পাশাপাশি যেসব গ্রাহক অতিরিক্ত বিল পেয়েছেন, তাঁদের অভিযোগ গ্রহণ করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করারও দাবি জানানো হয়।
তিপ্রা মথা সংখ্যালঘু সেলের নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়টি নিয়ে তারা ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে। বিদ্যুৎ পরিষেবা এবং বিল সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
