গোপাল সিং, খোয়াই, ১৩ আগস্ট || তুলাশিখর আর.ডি. ব্লকের অন্তর্গত তুইছিংরামবাড়ি ভিলেজ কাউন্সিল এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেতু বিপর্যয়ের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে যান তুলাশিখর ব্লকের বিডিও এবং পিডব্লিউডি দপ্তরের এসডিও। যৌথ পরিদর্শনে আধিকারিকরা ক্ষতিগ্রস্ত সেতু ও সংলগ্ন এলাকা ঘুরে দেখেন এবং সেতুটি ভেঙে পড়ার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন।
সেতুটি ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, তাও সরেজমিনে পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। পাশাপাশি স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিডিও ও এসডিও।
এদিকে, গ্রামীণ জনগণের দুর্ভোগ লাঘব করতে দ্রুত একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রুত পুনর্নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
প্রশাসনের এই দ্রুত তৎপরতায় সেতু বিপর্যয়ের কারণে সমস্যায় পড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এখন দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু এবং সেতুটির পুনর্নির্মাণের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।
