কলাছড়া শাকবাড়িতে স্বাধীনতা দিবসে জাতীয় সড়ক অবরোধ, উত্তেজনা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১৬ আগস্ট || দেশের ৮০তম স্বাধীনতা দিবসের দিনেই দক্ষিণ ত্রিপুরার কলাছড়া শাকবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধকে ঘিরে উত্তেজনা ছড়াল। শান্তি রঞ্জন ত্রিপুরাকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার সকাল থেকে আগরতলা–সাব্রুম ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাছড়া শাকবাড়ি এলাকার বাসিন্দা শান্তি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে রামরাইবাড়ি এলাকার এক যুবক অনলাইনে টাকা ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মনুবাজার থানার পুলিশ গতকাল শান্তি রঞ্জন ত্রিপুরাকে তাঁর শাকবাড়ির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এই গ্রেফতারের প্রতিবাদেই শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শান্তি রঞ্জন ত্রিপুরাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাঁকে নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে তাঁর বাড়ির সামনেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাব্রুম পুলিশ সুপার দীপ্তন বিশ্বাসসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করা হয়।
তবে নিজেদের দাবিতে দীর্ঘক্ষণ অনড় থাকেন বিক্ষোভকারীরা। অবরোধের ফলে জাতীয় সড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকেরা।
এদিকে, শান্তি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁর গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*