গোপাল সিং, খোয়াই, ১৯ আগস্ট || খোয়াই পুরাতন টাউন হলে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো আধুনিক ত্রিপুরা গড়ার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী। এ উপলক্ষে আয়োজিত বিশেষ স্মারক অনুষ্ঠানে মহারাজার জীবন, কর্ম ও ত্রিপুরার উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদান স্মরণ করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে উপস্থিত অতিথিরা মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় বক্তারা ত্রিপুরার শিক্ষা, পরিকাঠামো এবং সার্বিক আধুনিকীকরণের ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের দূরদর্শী চিন্তাভাবনা ও ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, ত্রিপুরার আধুনিক বিকাশের ভিত গড়ে তোলার ক্ষেত্রে মহারাজার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তপশিলি জাতি (SC) কর্পোরেশনের সদস্য তথা বিজেপি জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথশর্ম্মা, জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, সদস্য অনুকুল দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্বে বক্তারা আরও বলেন, মহারাজা বীর বিক্রমের মহান ঐতিহ্য, দূরদর্শিতা ও আধুনিক ত্রিপুরা গড়ার স্বপ্ন আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর স্মৃতি ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
