গোপাল সিং, খোয়াই, ২২ আগস্ট || ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কথিত দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অবমাননার প্রতিবাদে সরব হলো বিজেপি। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে শুক্রবার রামচন্দ্রঘাট যুব মোর্চার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উত্তাল হয়ে ওঠে এলাকা।
ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের মতে, জাতীয় সঙ্গীত কেবল একটি গান নয়, তা দেশের সার্বভৌমত্ব, পরম মর্যাদা ও অখণ্ড জাতীয় চেতনার প্রতীক। জাতীয় সঙ্গীতের প্রতি যেকোনো ধরনের অবমাননা বা অনাদর দেশের প্রতিটি নাগরিকের জাতীয়তাবাদী অনুভূতিতে আঘাত হানে। এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে নয়াদিল্লির শীর্ষ কংগ্রেস নেতৃত্ব তথা রাহুল গান্ধীকে দেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোরালো দাবি তোলে যুব মোর্চা।
শুক্রবার এই সোচ্চার প্রতিবাদ মিছিলে প্রধান বক্তা ও নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব, খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর কুমার দাস, রামচন্দ্রঘাট মণ্ডল যুব মোর্চার সভাপতি রূপক ঘোষসহ জেলা ও মণ্ডলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ এবং শতাধিক উৎসাহী কার্যকর্তারা। মিছিল থেকে আগামী দিনে জাতীয় মর্যাদার প্রতি যেকোনো আঘাতের বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেওয়া হয়।
