বিশ্বকর্মা পূজাকে ঘিরে শান্তিরবাজার পূর্ত দপ্তরের উদ্যোগ, ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর || অন্যান্য বছরের মতো এ বছরও দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে কেন্দ্র করে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্যোগ নিয়েছে শান্তিরবাজার পূর্ত দপ্তর। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি বিশ্বকর্মা পূজাকে ঘিরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে উৎসবকে অর্থবহ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার। প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার কার্যালয় প্রাঙ্গণে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও আগামী ১৫ সেপ্টেম্বর শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাঁদের আত্মীয়-পরিজন এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে।
বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে কৃতীদের বাছাই করে পূজার দিন অনুষ্ঠানমঞ্চে অতিথিদের উপস্থিতিতে পুরস্কৃত করা হবে।
শনিবারের কুইজ প্রতিযোগিতা এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিস্তারিত জানান শান্তিরবাজার পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস। পূর্ত দপ্তরের এই উদ্যোগকে ঘিরে কর্মী, ছাত্রছাত্রী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*