বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || অন্যান্য বছরের ন্যায় এ বছরও জোলাইবাড়ী যুব সংঘের উদ্যোগে আয়োজিত হলো সার্বজনীন গণেশ পূজা। সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার শুভ সূচনা করা হয়। পূজাকে কেন্দ্র করে জোলাইবাড়ীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ীর জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব, যুব মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সুদীপ গোপ, জোলাইবাড়ী মণ্ডল সভাপতি সুজিত দত্ত, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা পরিষদের সদস্য সুমন দেবনাথ, যুব সংঘের সভাপতি তথা জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূজা কমিটির সভাপতি তাপস দত্ত পূজাকে সফল করে তুলতে দিনরাত পরিশ্রম করা সমস্ত সদস্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এলাকার মানুষজনকে ধন্যবাদ জানান।
অন্যদিকে, মণ্ডল সভাপতি সুজিত দত্ত তাঁর বক্তব্যে গণেশ ঠাকুরের বাহন ইঁদুরের প্রসঙ্গ তুলে একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ দেন। তিনি বলেন, আকারে ছোট হলেও ইঁদুর গণেশ ঠাকুরের বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আকার বা অবস্থান ছোট-বড় যা-ই হোক না কেন, দেশের উন্নয়ন ও সমাজের অগ্রগতিতে প্রত্যেকেই নিজের ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সুদীপ গোপ যুব সমাজকে নেশার করালগ্রাস থেকে দূরে রেখে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি, প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়া যুব সমাজকে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্য পর্ব শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। জোলাইবাড়ী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই সার্বজনীন গণেশ পূজাকে ঘিরে আগামী কয়েকদিন এলাকায় উৎসবের আবহ বজায় থাকবে বলে উদ্যোক্তারা জানান।
