গোপাল সিং, খোয়াই, ২০ অক্টোবর || খোয়াইয়ে বিদ্যুৎ দপ্তরের অনুমতি ছাড়াই হুকলাইন টেনে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার জানিয়েছেন, এ বিষয়ে দপ্তরের কোনও অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, পুলিশ প্রশাসনের বক্তব্য, বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার দেখবেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সিসিটিভি ভাড়া বাবদ বিপুল সরকারি অর্থ ব্যয় করা হলেও ক্যামেরাগুলির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি, সরকার পরিবর্তন হলেও একই ঠিকাদার বারবার কাজের বরাত পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ দপ্তরের অনুমতি ছাড়া কীভাবে এই সংযোগ দেওয়া হলো এবং সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা কতটা বজায় রাখা হচ্ছে, তা নিয়ে তদন্ত ও প্রশাসনের জবাবদিহির দাবি জানিয়েছেন খোয়াইয়ের সচেতন নাগরিকরা।
