আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর || শারদোৎসবের অন্তিম পর্ব বিজয়া দশমীকে সামনে রেখে নতুন রূপে সেজে উঠছে আগরতলার দশমী ঘাট। দুর্গাপ্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জোরকদমে চলছে প্রস্তুতি। এদিকে, ঘাটের সৌন্দর্যায়ন থেকে শুরু করে বিসর্জন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিনরাত এক করে কাজ করে চলেছেন আগরতলা পুর নিগমের কর্মীরা।
দুর্গাপুজোর কয়েক দিনের আনন্দ-উৎসবের পর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দশমী ঘাটে ভিড় জমান অসংখ্য মানুষ। বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিতে এই সময় ঘাট চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তাই প্রতিমা বিসর্জনের সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজয়া দশমীর আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে তৎপর আগরতলা পুর নিগম। কর্মীদের নিরলস প্রচেষ্টায় নতুন রূপে সেজে উঠছে দশমী ঘাট। এখন সকলের নজর বিজয়া দশমীর দিকে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদোৎসবের সমাপ্তি ঘটলেও মা দুর্গার বিদায়বেলায় আবেগ, আনন্দ ও বিষাদের মিশেলে দশমী ঘাটে তৈরি হবে এক বিশেষ আবহ।
