আন্তর্জাতিক ডেস্ক ।। হাতে পায়ে ‘গাছের শেকড়’ গজানোর বিরল রোগে আক্রান্ত বাংলাদেশের খুলনার আবুল বাজনাদার স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তার চিকিৎসার সকল ব্যায় বাংলাদেশ সরকার বহন করবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একইসঙ্গে ‘বৃক্ষমানব’-এর চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও জাপানে যোগাযোগ করা হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন আবুল বাজনাদারকে দেখতে যাওয়ার পর এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও আবুলের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আবুলের চিকিৎসার ব্যাপারে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পাশাপাশি জাপানে বসবাসরত একজন বাংলাদেশি চিকিৎসকের সাথেও যোগাযোগ করা হচ্ছে। আবুলের সাথে দেখা করার সময় তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন বাংলাদেশের মন্ত্রী। গত ৩০ জানুয়ারি খুলনা থেকে এসে ঢাকা মেডিকেলে ভর্তি হন আবুল বাজানদার।
