নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ৷৷ এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুল। শুক্রবার অরুন্ধতীনগরস্থিত অগ্নিবীণা হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল অভিজিৎ ভট্টাচার্য। ১ম শ্রেণীতে ৬৪ জন এবং দ্বিতীয় শ্রেণীতে ৪৪ জন ছাত্রছাত্রী নিয়ে মোট ১০৮ জন ছাত্রছাত্রী স্কুলটিতে ভর্তি হয়েছে। অরুন্ধতীনগর ইংলিশ মিডিয়াম স্কুলের পাকা বাড়ির কাজ সম্পন্ন না হওয়ায় আপাতত অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ১ম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলবে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল মিঠু শীল, বুনিয়াদী বিদ্যালয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারি তরুণী সরকার, অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা রাণী সরকার সহ নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।