আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর ৷৷ এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা গোমতী জেলার বাগমা থানার আঠারোভূলা গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার সকালে ঐ এলাকায় গৌরহরী মলসুম (৪২) নামে এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে পেয়ে স্থানীয় পুলিশে খবর দেয় এলাকার মানুষ। বাগমা থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। জানা যায়, গৌরহরী মলসুমের পাঁচ সন্তান রয়েছে।ত্রিপুরা প্রদেশ বিজেপি’র তরফে জানানো হয়, গৌরহরী মলসুম বিজেপি কর্মী ছিলেন। তাকে বুধবার রাতে গুলি করে হত্যা করে কতিপয় দুষ্কৃতী। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়।
বৃহস্পতিবার বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব আঠারোভূলা গ্রামে গিয়ে মৃত গৌরহরী মলসুমের পরিবারের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দলীয় তরফ থেকে তার পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহাযের ঘোষনা করেন।
