আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০১৮-তে রাজ্যে ৪৭টি নতুন ভোট গ্রহন কেন্দ্র খোলা হয়েছে। এ বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের অনুমোদনও পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মূখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানান। তিনি জানান, নতুন ভোট গ্রহন কেন্দ্রগুলি রাজ্যের ৬টি জেলায় খোলা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ৬টি, সিপাহীজলা জেলায় ৬টি, গোমতী জেলায় ১৪টি, দক্ষিন ত্রিপুরা জেলায় ১টি, ধলাই জেলায় ১৬টি এবং ঊনকোটি জেলায় ৪টি।সাংবাদিক সন্মেলনে মূখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, পোলিং এরিয়া থেকে পোলিং স্টেশনের (ভোট গ্রহন কেন্দ্র) দূরত্ব পর্যালোচনা করে নতুন পোলিং স্টেশনগুলো (ভোট গ্রহন কেন্দ্র) খোলা হয়েছে। ভোটারদের যাতে বেশি দূর হেটে যেতে না হয় সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মূখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোট গ্রহন কেন্দ্র বৃদ্ধির ফলে রাজ্যে এখন মোট ভোট গ্রহন কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৩২১৪টি। উল্লেখ্য, আগে রাজ্যে মোট ভোট গ্রহন কেন্দ্র ছিল ৩১৭০টি। মূখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যে ৪৪টি ভোট গ্রহন কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। ১৫টি ভোট গ্রহন কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী তাঁর নির্বাচনী ক্ষেত্রে ২০ লক্ষ টাকার বেশি খরচ করতে পারবেন না।
