আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি ৷৷ সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান সহ মজুরি বৃদ্ধির দাবিতে ১ দিনের ধর্মঘটে যাচ্ছে প্রকল্প কর্মীরা। সি আই টি ইউ সমর্থিত ১ লক্ষ প্রকল্প কর্মীদের এই দাবি নিয়ে আগামী ১৭ জানুয়ারী ১ দিনের ধর্মঘট পালন করবে প্রকল্প কর্মীরা। রবিবার সি আই টি ইউ কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন সি আই টি ইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দও। তিনি বলেন, ৪৫তম শ্রমিক সন্মেলনে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ১৮ হাজার টাকা করার সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। তিনি বলেন, সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান, মজুরি বৃদ্ধি সহ পেনশন নূন্যতম ৩হাজার টাকা দেওয়ার দাবি নিয়ে আগামী ১৭ জানুয়ারী ধর্মঘট পালন করবে প্রকল্প কর্মীরা। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি আই টি ইউ-র রাজ্য নেতৃত্ব সমর চক্রবর্তী, জয়া বর্মন প্রমুখ।
