এমবিবি বিমানবন্দরের সামনে যাত্রী হেনস্থা: দুই অটোচালক আটক, অ্যাপভিত্তিক অটো পরিষেবায় বাধা দিলে কড়া ব্যবস্থা—পরিবহনমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের সামনে বিমানযাত্রীকে হেনস্তার ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অটোচালক—দীপঙ্কর দেবনাথ ও ঝুটন আচার্যকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে, রাজ্যে অ্যাপভিত্তিক অটো পরিষেবা Uber ও Jugnoo-র গাড়ি আটকে চালক কিংবা যাত্রীদের হয়রানি করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পরিবহনমন্ত্রী বলেন, রাজ্যে আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই অ্যাপভিত্তিক অটো পরিষেবা চালু করা হয়েছে। কিন্তু এই পরিষেবার গাড়ি আটকে দেওয়া, চালকদের ভয়ভীতি প্রদর্শন করা কিংবা যাত্রীদের হয়রানির মতো ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও জানান, বৈধভাবে পরিচালিত সমস্ত পরিবহন পরিষেবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে অ্যাপভিত্তিক অটো পরিষেবার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন অথবা চালকদের কাজে বিঘ্ন ঘটান, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ, সহজ ও স্বচ্ছ পরিবহন পরিষেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে, তবে তা অবশ্যই আইনের গণ্ডির মধ্যে থেকে হতে হবে। কোনও ব্যক্তি বা সংগঠন যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা অ্যাপভিত্তিক পরিবহন পরিষেবার স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয়, তাহলে সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।
পরিশেষে পরিবহনমন্ত্রী রাজ্যের সকল পরিবহন কর্মীর প্রতি আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি তিনি যাত্রীদের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলভাবে পরিষেবা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*